বিদ্রোহী কলরব
আমি কখনও সূর্যের উত্তপ্ত রৌদ্র,
কখনও রবি ঠাকুরের মিষ্টি প্রেমের গদ্য।
কখনও আবার অকস্মাৎ জনতা কাঁপানো-
নজরুলের বিদ্রোহী এক পদ্য।
আমি কখনও ভয়ংকর রূপ নিয়ে হুংকার দিয়ে উঠি,
কখনও জীবনের আশা ছেড়ে দিয়ে অজানার দিকে ছুটি
কখনও আবার জীবন থেকে অসীম সুখ পেতে চাই,
সুখের নেশায় অজস্র আঘাতে জর্জরিত হয়ে জীবন কাটাই।
আমি ক্রোধে ক্রোধান্বিত, কখনও রাগে রাগান্বিত
সকল কিছু ভেঙে চুরে পেতে চাই অমৃত।
আমি তৃষ্ণার্ত, আমি পিপাসিত
আমি চুষে নিতে চাই ফ্যাসিবাদীদের রক্ত।
আমি লাখো জনতার মাঝে অন্যায় বিরোধী বিপ্লব,
আমি ছড়িয়ে দিই জনে জনে বিদ্রোহী কলরব।
আমি জন্তু-জানোয়ার খাওয়া অদৃশ্য মানব,
আমি সভ্যতা ভেঙে চুরমার করে হয়ে উঠি মহা-দানব।
আমি হিমালয় থেকে আসা
শির শির করে বয়ে যাওয়া হিমেল বাতাস।
আমি মন চাঙা করা প্রকৃতির এক নতুন অবকাশ,
আমি গরিব দুঃখীর দুর্দিনে বসন্তের পূর্বাভাস।
আমি কখনও জয়ীকে হারিয়ে দিয়ে ছিনিয়ে নিই তার জয়
কখনও আবার জয়ের মালা পরিয়ে দিই তাদের
যারা সত্যের নেশায় মৃত্যুকে করে নাকো ভয়।
আমি দুর্বার
আমি রুদ্ধ করে দিই চারিদিকের অবিশ্রান্ত হাহাকার।